
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, পদ্মা সেতু বাস্তবায়িত হওয়ায় বিএনপি খুশি হয়নি। দুঃখজনক হলো, বিএনপি অভিনন্দন জানাতেও পারেনি। অথচ মার্কিন যুক্তরাষ্ট্র অভিনন্দন জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রীও অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, এটি তাদের রাজনৈতিক দৈন্যতা। এর মাধ্যমে তারা স্বীকার করে নিয়েছে, তারা পদ্মা সেতুর বিরোধিতা করেছিল। এ সেতু হওয়াতে সারা দেশের মানুষ খুশি হলেও বিএনপি খুশি হয়নি।
আজ শনিবার (২৫ জুন) সকালে পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশস্থলে তিনি এসব কথা বলেন।
পদ্মা সেতুর উদ্বোধনে নিজে অনুভূতি জানাতে গিয়ে হাছান মাহমুদ বলেন, ছোটবেলায় ঈদের আনন্দ যেমনটা হতো, আজ আমার অনুভূতি ঠিক সেই রকম। তার চেয়েও বেশি। সব ষড়যন্ত্র ছিন্ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পদ্মা সেতুকে বাস্তবে রূপ দিয়েছেন।
তিনি বলেন, সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে সারা দেশের মানুষ আজ উচ্ছ্বসিত। যারা এক সময় পদ্মা সেতুর বিরোধিতা করেছিল, তারা আজ লজ্জিত। যারা একটা সময় পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করেছিল, তারাও কিন্তু আজ উল্লাসিত।
সেতুর জমকালো উদ্বোধন উপলক্ষে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাসহ মাওয়া প্রান্তে সকাল থেকেই উৎসবের আমেজ বিরাজ করছে। পদ্মার পাড় সেজেছে নতুন রূপে। পদ্মা সেতুর উদ্বোধনের এ আমেজ ছড়িয়ে পড়েছে সারা দেশে।
পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা প্রান্তে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে শিবচরের বাংলাবাজার ঘাট এবং আশপাশের প্রায় তিন কিলোমিটার এলাকা। সভাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস, সরকারি গোয়েন্দা সংস্থা।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.