প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমিয়ে ১৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে। যা বর্তমানে ১৯২ টাকায় বিক্রি হচ্ছে। আগামীকাল মঙ্গলবার (৪ অক্টোবর) থেকে বাজারে নতুন দামে সয়াবিন তেল বিক্রি হবে।আজ সোমবার (৩ অক্টোবর) বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডলারের মূল্যবৃদ্ধি ও এলসি খোলার জটিলতা নিয়ে সরকারের সাথে আলোচনা শেষে ভোক্তাদের সুবিধার্থে ভোজ্যতেলের দাম ১৪ টাকা কমানো হয়েছে।এর আগে, গত ২৩ আগস্ট বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম ৭ টাকা বাড়িয়ে ১৯২ এবং ৫ লিটারের বোতলের দাম ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়।এদিকে ভোজ্যতেলে ভ্যাট অব্যাহতি সুবিধা আরো ৩ মাস বাড়ানোর বিষয়ে ভাবছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।গত ১৪ মার্চ সয়াবিন ও পাম তেলের উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ব্যবসায় পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট মওকুফ করে প্রজ্ঞাপন জারি করে এনবিআর।এর মাত্র দুই দিন পরই ভোজ্যতেল আমদানি পর্যায়ে আরোপিত ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ৫ শতাংশ করা হয়। সে সময়ে এ নির্দেশের মেয়াদ ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। পরে গেল ৩ জুলাই সে মেয়াদ বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করে এনবিআর।অর্থাৎ ৩০ সেপ্টেম্বর ভোজ্যতেলের ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হয়েছে। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে। এনবিআরের সূত্রে জানা গেছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থানীয় ও আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহতির সুবিধা বহাল রাখা হতে পারে।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.