বিএনপি নেতারা উল্টাপাল্টা স্বপ্ন দেখলে খালেদা জিয়াকে কারাগারে ফেরতের কথা ভাবতে হবে বলে হুঁশিয়ার করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।সোমবার (১০ অক্টোবর) দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।বিএনপি নেতা আমান উল্লাহ আমানের সাম্প্রতিক বক্তব্য ‘১০ ডিসেম্বরের পর খালেদা জিয়ার কথায় দেশ চলবে’ এ বিষয়ে তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আমান উল্লাহ আমান সাহেব সম্ভবত এ ধরনের কোনো কিছু উল্টাপাল্টা স্বপ্নে দেখেছেন।ড. হাছান মাহমুদ আরো বলেন, অথচ উনার (আমান উল্লাহ আমান) জানা উচিত, খালেদা জিয়ার সাজা স্থগিত রয়েছে, শেখ হাসিনার বদন্যতায়। সেটা তারা ভুলে গেলে সরকার আবারো ভাববে, খালেদা জিয়াকে আবার কারাগারে পাঠানো উচিত কিনা।মানবাধিকার কর্মী সুলতানা কামালকে নিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর মন্তব্য সম্পর্কে এক প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, বেগম সুলতানা কামালের প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, তিনি একজন মানবাধিকার কর্মী, বিশিষ্ট বুদ্ধিজীবী এবং তার অনেক বক্তব্যের সঙ্গে আমি নিজেও একমত নই। তার বেশিরভাগ বক্তব্যই সরকারের বিরুদ্ধে। তাই বলে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কথা বলা শালীনতা ও শিষ্টাচার বিবর্জিত।তিনি বলেন, রিজভী সাহেব সুলতানা কামালের ব্যাপারে বক্তব্য রাখতে গিয়ে যেভাবে তাকে আওয়ামী লীগের দালাল বলেছেন, কখন যে রিজভী সাহেব মির্জা ফখরুল সাহেবকেও আওয়ামী লীগের দালাল বলে বসেন, আমি সেই শঙ্কার মধ্যে আছি।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘পাকিস্তানই ভালো ছিল’ মন্তব্যের বিষয়ে প্রশ্নের জবাবে সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুল সাহেবের বক্তব্য বিশ্লেষণ করলে তার অর্থ দাঁড়ায়- বাংলাদেশ হওয়াটা সঠিক হয় নাই। অর্থাৎ তার মতে জিয়া মেজর থাকলেই ভালো ছিল। কারণ বাংলাদেশ সৃষ্টি না হলে জিয়া তো মেজরই থাকতো, মেজর জেনারেল হতে পারতো না।তিনি বলেন, আমি মনে করি এ বক্তব্যের মাধ্যমে মির্জা ফখরুল সাহেব আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, মুক্তিযুদ্ধে শহীদ সবার প্রতি অবমাননা করেছেন এবং তার বাংলাদেশে রাজনীতি করার যোগ্যতা নিয়ে প্রশ্ন থাকা উচিত। অন্য কোনও দেশ হলে তার বিরুদ্ধে নানা আইনগত ব্যবস্থা নেয়া হতো এবং তিনি সেই দেশে রাজনীতি করার অযোগ্য হতেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এ নিয়ে যেভাবে কথাবার্তা ও বিশ্লেষণ হওয়া দরকার ছিল সেটি আমি দেখতে পাচ্ছি না।দেশে গণতন্ত্র নিয়ে বিএনপি মহাসচিবের সমালোচনার জবাবে মন্ত্রী ড. হাছান বলেন, বন্দুকের নলের আগা থেকে যাদের জন্ম, অগণতান্ত্রিকভাবে ক্ষমতা দখল করে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দলের জন্ম, যারা ১৫ ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচন করেছিল, যে রাজনৈতিক দল তাদের গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাতিল করে দুর্নীতিবাজদের, দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্তদের রাজনীতি করার অধিকার দিয়েছে, তারা যখন গণতন্ত্রের কথা বলে তখন মানুষ হাসে।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.