বাংলাদেশে ঢাকার বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বাস্তবায়নাধীন বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের চীনা ঠিকাদার চায়না গেঝুবা গ্রুপ করপোরেশনকে (সিজিজিসি) আর কোনো কাজ দেওয়া হবে না। সচিবালয়ে গতকাল রবিবার (১৬ অক্টোবর) এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রকল্পের গার্ডার স্থানান্তরের সময় গত ১৫ আগস্ট তা একটি চলন্ত প্রাইভেটকারের ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে দুর্ঘটনার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকেই দায়ী করেছে। এর পরিপ্রেক্ষিতেই গেঝুবাকে আর কোনো কাজ না দেওয়ার বিষয়টি জানিয়েছেন সেতুমন্ত্রী।দায়ী ঠিকাদারের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, যখন বিআরটি প্রকল্পের দুর্ঘটনাটি হয়, তখন কাজ প্রায় ৭৯ শতাংশ সম্পন্ন হয়েছে। এমন অবস্থায় এটা ঠিক করা হয়েছে যে বাকি কাজটা তাদের দিয়েই করানো হবে। কারণ এখন তাদের বাদ দিয়ে নতুন করে দরপত্র আহ্বান করতে হলে কয়েক বছর সময় লেগে যাবে। তাই যে ২০ শতাংশ কাজ বাকি আছে, সেটা তারাই করুক। কিন্তু তাদের বাংলাদেশে আর কোথাও কাজ দেওয়া হবে না।তিনি আরো বলেন, আগামী মার্চ-এপ্রিলের মধ্যে এ প্রকল্পের একটি লাইন খুলে দেওয়া হবে। একটি লাইন চালু হলে এ প্রকল্পের সুবিধা-অসুবিধা পর্যবেক্ষণ করা যাবে।এসময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, চলতি বছরের শেষে ঢাকা মেট্রোরেল লাইন-৬-এর প্রথম অংশ ও চট্টগ্রামে দক্ষিণ এশিয়ার একমাত্র নদীর তলদেশে টানেল উদ্বোধন হবে।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.