আগামী ডিসেম্বর থেকে দেশের প্রথম মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।তবে পুরো মেট্রোরেলের চলাচল নয়, সামনের মাসে চালু হবে রেলের উত্তরা-আগারগাঁও অংশ। ১০টি ট্রেন দিয়ে এ অংশে শুরু হবে যাত্রী পরিবহন।আগারগাঁও পর্যন্ত ভ্রমণ করা যাত্রীদের মতিঝিল পর্যন্ত যাতায়াতের জন্য রাখা হবে ‘শাটল’ বাস। একইভাবে শাটল বাস রাখা হবে উত্তরা নর্থ স্টেশন থেকেও।মেট্রো নির্মাণ ও পরিচালনার দায়িত্বপ্রাপ্ত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তারা জানিয়েছেন, ডিসেম্বরের যেকোনো দিন মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এমআরটি লাইন-৬ প্রধানমন্ত্রী কীভাবে উদ্বোধন করবেন তার খসড়া পরিকল্পনা প্রস্তুত করার কাজ চলছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল করতে আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত সময় প্রয়োজন।মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল শুরু করতে পরিচালন ও রক্ষণাবেক্ষণ এবং অবচয় ব্যয় নির্বাহের জন্য প্রাথমিকভাবে এক হাজার কোটি টাকা প্রয়োজন হবে। এরইমধ্যে সরকারের অর্থ বিভাগের কাছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাধ্যমে এক হাজার কোটি টাকা অনুদান বা ভর্তুকি চেয়েছে ডিএমটিসিএল। ঠিক করে ফেলা হয়েছে যাত্রী ভাড়ার হারও। মেট্রোরেলের নিরাপত্তার জন্য বিশেষ পুলিশ ফোর্স গঠনের কাজও রয়েছে চূড়ান্ত পর্যায়ে।নির্মাণাধীন মেট্রো রুটের প্রথম অংশ উত্তরা থেকে মিরপুর হয়ে আগারগাঁও পর্যন্ত। আগারগাঁওয়ের কিছু সরকারি অফিস ও বাণিজ্যিক কেন্দ্র বাদে মেট্রো রুটের এ অংশের প্রায় পুরোটাজুড়ে আবাসিক এলাকা। মেট্রোর উত্পত্তি স্টেশনটি উত্তরার দিয়াবাড়িতে। স্টেশনটি ঢাকার মানুষের দৈনন্দিন যাতায়াতের ‘অরিজিন ডেস্টিনেশন’ বা মূল গন্তব্য না হওয়ায় যাত্রীর চাপ খুব বেশি হবে না।মেট্রোর দ্বিতীয় অংশে পড়েছে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, মতিঝিলের মতো ব্যস্ততম বাণিজ্যিক এলাকাগুলো। সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা মেডিকেল কলেজের মতো মানুষের যাতায়াতের মূল কেন্দ্রগুলোও দ্বিতীয় অংশ থেকে কাছাকাছি দূরত্বে অবস্থিত।পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, উত্তরা-আগারগাঁও অংশ চালুর মধ্য দিয়ে ডিএমটিসিএলের মেট্রোরেল পরিচালন সক্ষমতার অনুশীলন হবে। কিন্তু অংশটি আপাতত কাঙ্ক্ষিত যাত্রীসেবা এবং যানজট নিরসনে সেভাবে ভূমিকা রাখতে পারবে না। এজন্য পুরো মেট্রোটি চালুর অপেক্ষা করতে হবে।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.