ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে বাসাবাড়িতে নেওয়া আট শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বুধবার (১৫ ফেব্রুয়ারী) দিনব্যাপী পরিচালিত অভিযানে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তাজপুর এলাকায় এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাহাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এলাকাবাসী জানায়, কতিপয় চিহ্নিত অসাধু লোকজন রাতের আঁধারে বিভিন্ন বাড়িওয়ালাদের কাছ থেকে ৪০ হতে ৫০ হাজার করে টাকা নিয়ে তিতাসের মুললাইন থেকে নিম্ন মানের পাইপ দিয়ে অবৈধ গ্যাস সংযোগ দেয়। পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাজপুর এলাকায় প্রায় দুই কিলোমিটার ব্যাপী এ অভিযান পরিচালনা করে ৮ শতাধিক বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় নিম্নমানের পাইপ ও রাইজার জব্দ করা হয়।
সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জোবিও) প্রকৌশলী আবু সাহাদাৎ মো. সায়েম বলেন, রাতে অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হবে। অবৈধভাবে গ্যাস ব্যবহার বন্ধে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাভার জোনাল বিপনন অফিসের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান রুবেল, উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নানসহ তিতাসের কারিগরী টিমের সদস্যগণ। এছাড়াও যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.