বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৮:২১ অপরাহ্ন

আল্লাহ ছাড়া নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারও নেই : পরিকল্পনামন্ত্রী

ডেস্ক এডিটর
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১৪৫ বার পড়া হয়েছে /

আল্লাহ ছাড়া নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারও নেই উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, “আমরা ঝগড়া-বিবাদের মধ্যে নেই। আমরা চাই সবাই নির্বাচনে আসুক। সুষ্ঠু ও সুন্দরভাবে মানুষ ভোট দিক। কাজেই নির্বাচন হবেই, আল্লাহ ছাড়া নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারও নেই। নির্বাচনকে ঘিরে কেউ অশান্তি সৃষ্টি করতে চাইলে কঠোরভাবে প্রতিহত করা হবে।”

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে বঙ্গবন্ধু মডেল গ্রামের উপকারভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বিএনপি নির্বাচনকে সামনে রেখে দাঙ্গা-হাঙ্গামা লাগাতে চায়। তারা চায় কেউ এসে তাদের ক্ষমতা দিয়ে দেবে আর তারা দেশকে লুট করবে। এ সুযোগ আর পাবে না। দাঙ্গা-হাঙ্গামা করে ক্ষমতায় আসা যাবে না।”

হাওরাঞ্চলের মানুষের দিকে প্রধানমন্ত্রীর নজর বেশি উল্লেখ করে মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী চান হাওরের মানুষ এগিয়ে যাক। এই শীতেই সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হবে। মেডিকেলের কাজও দ্রুত শেষ হচ্ছে। বিটাকের কাজ চলমান, টেক্সটাইল ইনস্টিটিউট হয়েছে।”

এম এ মান্নান বলেন, “গত ১২/১৩ বছরে যত উন্নয়ন হয়েছে, বিগত ৫০ বছরেও এত উন্নত দেখেনি দেশের মানুষ। এখন মানুষের জীবনযাত্রার মান বহুদূর এগিয়ে গেছে। শিক্ষা, চিকিৎসা ও বিদ্যুতে আমরা অকল্পনীয় উন্নয়ন করেছি। তাই আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী লীগের সঙ্গেই থাকতে হবে।”

অনুষ্ঠানে বঙ্গবন্ধু মডেল গ্রাম ডুংরিয়ার সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার উজ জামান, সিলেট বিভাগীয় যুগ্ম নিবন্ধন কর্মকর্তা জিয়াউল হক, সদর উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর প্রমুখ।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD