গত দুই দিন ধরে প্রবল বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বাড়ছে। এতে কাপ্তাইয়ে অবস্থিত পানিবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি পেয়েছে।
চালু করা সম্ভব হয়েছে পানিবিদ্যুৎ কেন্দ্রের সব কটি অর্থাৎ ৫টি ইউনিট। এগুলো থেকে সর্বমোট ১৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এখন।
কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের আজ রোববার সকাল ১০টা ১৫ মিনিটে মোবাইল ফোনে জানান, গত কয়েক দিনের বৃষ্টি এবং পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাচ্ছে। রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী কাপ্তাই হ্রদে এ মুহূর্তে (রোববার সকাল ১০ টায়) ৯০.৬০ ফুট মিন সি লেভেল (এম এস এল) পানি থাকার কথা। কিন্তু লেকে এখন পানি রয়েছে ৮২.৯০ ফুট এম এস এল। কাপ্তাই লেকে পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট এম এস এল।
প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের আরও বলেন, পানি বৃদ্ধির ফলে বর্তমানে এই কেন্দ্রের ৫টি ইউনিটের সবগুলোই সচল রয়েছে। এই ৫ টির ইউনিট থেকে বর্তমানে ১ শ ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। রোববার সকাল ১০টা পর্যন্ত ১ নম্বর ইউনিট থেকে ৩৩ মেগাওয়াট, ২ নম্বর ইউনিট থেকে ৩২ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিট থেকে ২৬ মেগাওয়াট, ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে প্রতিটিতে ২২ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। পানি বাড়লে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়বে। উৎপাদিত বিদ্যুতের পুরোটাই জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে বলে জানান তিনি।
উল্লেখ্য, পানির ওপর নির্ভরশীল কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে এত দিন পানির অভাবে শুধুমাত্র ২ থেকে ৩টি ইউনিট রেশনিং করে চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হয়েছিল। বর্তমানে পানি বাড়ার ফলে ৫টি ইউনিট সচল করা হয়েছে। এই ৫টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২ শ ৩০ মেগাওয়াট।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.