বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনকে (বিএনএম) নির্বাচন কমিশনের বরাদ্দ দেওয়া ‘নোঙর’ প্রতীকে আপত্তি জানিয়েছে জাতীয় পার্টি।
আজ রবিবার (১৩ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর আপত্তি জানিয়ে চিঠি দিয়েছে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
চিঠিতে জাপা জানিয়েছে, পত্রিকায় জানতে পারলাম- নির্বাচন কমিশন থেকে কয়েকটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। যেসব দল নিবন্ধন লাভ করেছে, ওই দলগুলোকে আমরা স্বাগত জানাই। কিন্তু নিবন্ধন লাভ করা বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনকে (বিএনএম) যে ‘নোঙর’ প্রতীক দেওয়া হয়েছে তাতে আমাদের আপত্তি আছে। কারণ, ‘নোঙর’ ও ‘লাঙল’ উচ্চারণের মধ্যে কিছুটা আন্তঃমিল রয়েছে। এই দুটি প্রতীকের ছবিতে কিছুটা সাদৃশ্যও আছে। নির্বাচনী ব্যালটে এই দুটি প্রতীকের ছবি থাকলে ভোটাররা বিভ্রান্ত হতে পারেন। কারণ, সকলের দৃষ্টি শক্তি সমান থাকে না।
চিঠিতে দলটি আরো জানিয়েছে, উদাহরণ হিসেবে জানাতে চাই একসময় একটি রাজনৈতিক দলকে ‘জাহাজ’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছিল। ব্যালটে নৌকার ছবির সঙ্গে ‘জাহাজের’ ছবির কিছুটা সাদৃশ্য দেখায় আপত্তি উত্থাপিত হলে ওই প্রতীকটি বাদ দেওয়া হয়েছে।
দলটি চিঠিতে আরো উল্লেখ করেছে, নতুন নিবন্ধিত বিএনএমকে বরাদ্দকৃত ‘নোঙর’ প্রতীক পরিবর্তন করে অন্য কোনো পরিচিত প্রতীক বরাদ্দ করা এবং নির্বাচনী প্রতীকের গেজেট সংশোধন করে প্রতীকের তালিকা থেকে ‘নোঙর’ প্রতীক বাদ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.