দেশের ১৯ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কি.মি. বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আজ রবিবার (১৩ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আগামী ১৬ আগস্ট (বুধবার) পর্যন্ত সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ রবিবার (১৩ আগস্ট) সকালে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কামাল মল্লিক এ কথা বলেন। বর্ষাকালে এ বৃষ্টিপাত স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, ১৬ আগস্টের পর বৃষ্টিপাত কমতে পারে। তবে ২০ আগস্টের পর আবার বাড়তে পারে।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে, ঢাকার এ সময়ে ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পরিস্থিতির বিষয়ে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কামাল বলেন, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হতে পারে।
এসময়ে দিনের তাপমাত্রা কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে রবিবার সকাল থেকেই ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সেই সঙ্গে ঝরছে বৃষ্টি। সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন অনেকেই। এছাড়া বৃষ্টির কারণে সড়কে পানি জমে কোথাও কোথাও যানজটের সৃষ্টি হয়েছে।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.