
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসা দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসক এস এম মোস্তফা জামানকে হত্যার হুমকি দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে এ বিষয়ে ভুক্তভোগী ওই চিকিৎসক রাজধানীর ধানমন্ডি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, চিকিৎসককে হুমকি দিয়ে জামায়াত তাদের নোংরা-সন্ত্রাসী চিন্তার বর্হিপ্রকাশ করেছে।
আজ বুধবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক এস এম মোস্তফা জামান গতকাল রাতে আমার কাছে এসেছিলেন। তিনি সব ঘটনা বলেছেন।
‘আমরা এটাও প্রত্যক্ষ করেছি, তিনি একজন চিকিৎসক হিসেবে সেবা দান করেছেন। তার (সাঈদী) চিকিৎসা করেছেন। তারপরও ওই চিকিৎসককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এটা আমার কাছে আশ্চর্য লাগে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমি মনে করি, তারা (জামায়াত) যে নোংরা চিন্তা করে, তারা যে সব সময় সন্ত্রাসী চিন্তা করে, তারা যে সব সময় রাষ্ট্রের বিরুদ্ধে চিন্তা করে, তারই একটি প্রতিফলন বোধহয় এই হুমকির মধ্য দিয়েই জামায়াত জানান দিয়েছে।