আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জাতীয় পার্টিই হবে জাতীয় সংসদে প্রধান বিরোধী দল। কারণ রাজনৈতিক দল হিসেবে তারাই নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে।’
সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি দেশ-বিদেশে গুজব ছড়াচ্ছে। দলটি সব হারিয়ে শোকের সাগরে নিমজ্জিত। তারা এখন সরকার বিরোধী তৎপরতায় লিপ্ত হয়েছে। তাদের অগ্নিসন্ত্রাসের সঙ্গে যুক্ত হয়েছে গুজব সন্ত্রাস।’
তিনি বলেন, ‘সারা বিশ্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আর বাংলাদেশে তারা বিষয়টিকে দুর্ভিক্ষের পদধ্বনি বলে অপপ্রচার করছে। তারা মনে করছে আওয়ামীলীগ কচু পাতার ওপর শিশিরবিন্দু সহজেই টলে পড়বে। সেটা সম্ভব নয়।
‘আওয়ামী লীগের শিকড় মাটির অনেক গভীরে। আওয়ামী লীগের শক্তি দেশের জনগণ। কথার বোমা মেরে এ সরকারকে উৎখাত করা যাবে না।’
সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির রাজনীতি ভুলের চোরাবালিতে আটকে আছে। তারা যত সরকারের পতন বলবে সরকারের তত উত্থান হবে। বিএনপি যদি ইতিবাচক রাজনীতি নিয়ে এগুত তাহলে হঠাৎ করে তাদের এমন পতন হতো না। সরকারের পতন ঘটাতে গিয়ে নিজেরাই পতনের খাদে পড়ে গিয়েছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া রাজনৈতিক দলই হবে প্রধান বিরোধীদল। স্বতন্ত্ররা স্বতন্ত্রই আছে। দল যদি বলেন তাহলে জাতীয় পার্টি।’
মন্ত্রী জানান, উপজেলা ও স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক থাকবে কি না সে ব্যাপারে সিদ্ধান্ত হবে সোমবার সন্ধ্যায় কমিটির বৈঠকে।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী ও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগের নেতারা।
FacebookMastodonEmailShare
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.