বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জরুরি বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য নিশ্চিত করেছেন।
মির্জা ফখরুল জানান, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার নামাজ পড়াবেন জাতীয় মসজিদের খতিব। জানাজা শেষে তাঁকে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।
এর আগে আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এই জননন্দিত নেত্রী।
শোক প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বেগম জিয়ার মৃত্যু দেশের মানুষের জন্য এক অপূরণীয় ক্ষতি। জাতির এই ক্রান্তিলগ্নে যখন তাঁকে সবচেয়ে বেশি দরকার ছিল, ঠিক তখনই তিনি আমাদের ছেড়ে চলে গেলেন।”
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, জানাজায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে সব ধরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দেশনেত্রীর বিদায়ে সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন ও দোয়া মাহফিলের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.