দেশের শীর্ষস্থানীয় আবাসন প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল এবার এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। গত ২৬ জানুয়ারি এশিয়ান টেলিভিশন কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে এ পদে নির্বাচিত করা হয়।
সভায় পরিচালনা পর্ষদের সদস্যরা তাঁর নেতৃত্ব ও দীর্ঘ ব্যবসায়িক অভিজ্ঞতার ওপর আস্থা প্রকাশ করেন। এশিয়ান টিভির পক্ষ থেকে জানানো হয়েছে, নবনির্বাচিত চেয়ারম্যানের হাত ধরে চ্যানেলটি গণমাধ্যম জগতে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।
বিশিষ্ট এই সফল উদ্যোক্তা কেবল আবাসন খাতেই নয়, গণমাধ্যম জগতেও সুপরিচিত। তিনি বর্তমানে জনপ্রিয় দৈনিক দেশ রূপান্তর ও দেশ রেডিওর চেয়ারম্যান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি টেলিভিশন চ্যানেল মালিকদের শীর্ষ সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স’ (অ্যাটকো)-এর একজন নির্বাচিত পরিচালক।
আবাসন শিল্পে বৈপ্লবিক পরিবর্তনের কারিগর হিসেবে পরিচিত মো. লিয়াকত আলী খাঁন মুকুল নতুন এই দায়িত্ব গ্রহণের পর চ্যানেলের কলাকুশলী ও কর্মকর্তাদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা আশা করছেন, তাঁর নেতৃত্বে এশিয়ান টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ ও সুস্থ বিনোদনের প্রসারে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.