
ঢাকায় চলছে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ। এ কারণে সকাল থেকে দুই দলের নেতাকর্মীরা দলে দলে সাবেশস্থলে আসছেন। অধিকাংশ রাস্তা ফাঁকা, হাতেগোনা কয়েকটি গণপরিবহনের ছাড়া সড়কে তেমন গাড়ি দেখা যায়নি। তবে সতর্ক অবস্থানে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীকে।
শুক্রবার (২৮ জুলাই) সরেজমিনে দেখা গেছে, বিএনপির নেতাকর্মীরা দলে দলে শ্লোগান দিয়ে সমাবেশস্থল পল্টনের দিখে যাচ্ছেন। রাজনৈতিক কর্মসূচির কারণে রাস্তায় তেমন গণপরিবহন দেখা যায়নি। এছাড়া ব্যক্তিগত যানবাহন নেই বলেই চলে। মালিবাগ থেকে রাস্তায় ব্যারিকেড দিয়েছে পুলিশ। এছাড়া বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যের পাশাপাশি আনসার বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বলছেন, বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত থেকেই রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সতর্ক অবস্থায় রয়েছেন তারা।
সমাবেশ স্থল ছাড়াও রাজধানীর বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে র্যাব, পুলিশসহ সরকারের বিভিন্ন সংস্থা। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে এদিন নিরাপত্তা নিশ্চিত করতে আনসার বাহিনীকেও মাঠে দেখা যায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) খন্দকার গোলাম ফারুক বলেন, দুটি দলের সমাবেশে কোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য পর্যাপ্তসংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়েছে।