
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর পৈতৃক জনপদ ফেনী জেলাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শেষ নিশ্বাস ত্যাগের খবর পৌঁছালে জেলাজুড়ে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
সংবাদটি পাওয়ার পর থেকেই ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ির পৈতৃক নিবাসে ভিড় করতে শুরু করেন স্বজন, রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ। প্রিয় নেত্রীর আত্মার মাগফিরাত কামনায় সেখানে শুরু হয়েছে পবিত্র কোরআন খতমের আয়োজন।
দলীয় নেতাকর্মীরা জানান, ফেনীর সঙ্গে বেগম জিয়ার ছিল নাড়ির টান। রাজনৈতিক যেকোনো কর্মসূচিতে জেলায় এলেই তিনি ছুটে যেতেন পৈতৃক ভিটায়। তাঁর মৃত্যুতে পুরো জেলা আজ অভিভাবক হারানোর বেদনায় মূহ্যমান।
বেগম খালেদা জিয়ার চাচাতো ভাই শামীম হোসেন মজুমদার আবেগপ্লুত কণ্ঠে বলেন, “এ বাড়ির প্রতিটি কোণায় তাঁর স্মৃতি জড়িয়ে আছে। আমরা আশা করেছিলাম তিনি সুস্থ হয়ে আবারও এই বাড়ির আঙিনায় পা রাখবেন, কিন্তু একটি খবর আমাদের সব আশা ম্লান করে দিল।”
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া ফেনী-১ আসন থেকে মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এই আসনের প্রার্থী ছিলেন। তাঁর মৃত্যুতে ফেনীর রাজনৈতিক অঙ্গন এক অপূরণীয় শূন্যতার সম্মুখীন হলো।