
নির্বাচন পরবর্তী রাষ্ট্র গঠন ও জাতীয় ঐক্যের লক্ষ্যে এক নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক বিশেষ বৈঠক শেষে তিনি এই বার্তা দেন।
বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ডা. শফিকুর রহমান জানান, আগামী পাঁচ বছরের জন্য দেশ গঠনে বড় ধরনের ঐক্যের বিষয়ে উভয় দলের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও শোক বইয়ে স্বাক্ষর: বৈঠকের শুরুতে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলটি সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “বেগম জিয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও নাগরিক অধিকার আদায়ের জন্য আজীবন লড়াই করে গেছেন। তিনি ইতিহাসের বিরল সম্মান নিয়ে বিদায় নিয়েছেন।” এসময় তিনি বেগম জিয়ার চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে বলেন, যখন তাঁকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হলো, ততক্ষণে অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছিল।
ভবিষ্যৎ রাজনীতি নিয়ে জামায়াত আমির বলেন, “দেশে একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে নির্বাচনের পরে এবং সরকার গঠনের আগে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করতে পারি কি না, সে বিষয়ে তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে। নির্বাচনের পর কিন্তু শপথ গ্রহণের আগে আমরা আবার একসঙ্গে বসব।”
তিনি আরও যোগ করেন, “অতীতে আমরা যেভাবে রাজপথে লড়েছি, ভবিষ্যতেও জাতির কল্যাণে আমরা কতটা ঐক্যবদ্ধ হতে পারি তা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আমরা আগামী পাঁচ বছরের জন্য দেশ ও জাতির জন্য ভালো কিছু করতে চাই।”
আসন্ন নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা চাই আগামী নির্বাচন যেন সম্পূর্ণ নির্বিঘ্ন, স্বচ্ছ ও গ্রহণযোগ্য হয়। একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে আমরা বদ্ধপরিকর।”