
সাভারের ঐতিহ্যবাহী তেঁতুলঝোড়া কলেজেও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। ইউনেস্কোর আহ্বানে ১৯৯৪ সাল থেকে প্রতি বছর আজকের এই দিনে শিক্ষাগুরুদের অবদানকে স্মরণ ও শ্রদ্ধা জানাতে বিশ্বজুড়ে দিবসটি উদযাপিত হয়ে আসছে।
সোমবার সকালে তেঁতুলঝোড়া কলেজ প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসানের সার্বিক উদ্যোগে এই আয়োজন করা হয়।
সংবর্ধনা সভায় গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসানের শিক্ষাবান্ধব নানা পদক্ষেপের প্রশংসা করেন কলেজের শিক্ষকেরা। বক্তব্যে শিক্ষকেরা বলেন, অ্যাডভোকেট মেহেদী হাসান সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে তেঁতুলঝোড়া কলেজের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক পাঠদান পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে নিরলস কাজ করে যাচ্ছেন। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও দিকনির্দেশনায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পড়ালেখায় দারুণ মনোযোগী হয়ে উঠছে। শিক্ষকদের সঠিক মূল্যায়ন এবং শিক্ষার্থীদের পাঠদানের আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে তাঁর এই উদ্যোগ প্রশংসনীয়।
এসময় দিবসটি উপলক্ষে কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রিয় শিক্ষকদের চকলেট দেয়া ও শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দের পক্ষে উপস্থিত ছিলেন শিক্ষক মো. ইউনুস, শিক্ষক মো. লুৎফর রহমান এবং শিক্ষকমণ্ডলীর সদস্য আতিক স্যারসহ অন্যান্য জ্যেষ্ঠ ও কনিষ্ঠ শিক্ষকবৃন্দ।
শিক্ষকেরা জানান, শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে এভাবেই স্নেহের ও শ্রদ্ধার আত্মিক বন্ধন সৃষ্টি হয়। এর মাধ্যমেই শিক্ষকদের আসল মর্যাদা শিক্ষার্থীদের হৃদয়ের আজীবন সংরক্ষিত থাকবে। আমরা এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্যাম্পাস গড়ে তুলতে চাই, যেখানে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে একে অপরের প্রতি স্নেহ, শ্রদ্ধা ও দায়িত্ববোধ তৈরি হবে। সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং পরিচালনা পর্ষদের সদস্যরা একসাথে কেক কাটেন এবং শিক্ষা কার্যক্রমকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।