
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় রাষ্ট্রপতি এই শোক প্রকাশ করেন।
শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, “বাংলাদেশের গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার আপসহীন ভূমিকা রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
রাষ্ট্রপতি আরও বলেন, খালেদা জিয়ার মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও তাঁর অগণিত রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তার শেষ অংশে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশবাসীকে বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তাঁর জন্য দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানান।