বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

আশুলিয়ায় দম্পতিসহ তিনজনের বিষপানে আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১২৯ বার পড়া হয়েছে /

সাভারের আশুলিয়া থেকে নবদম্পতিসহ পৃথক ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনজনই বিষপানে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সোমবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে এই তিনজনের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহেল মোল্লা।

এর আগে গতকাল (রোববার) বিকেলে আশুলিয়ার গণস্বাস্থ্য হাসপাতালে মারুফা আক্তার মুন্নী (১৮), রাতে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বামী মো. মৃদুল (১৯) ও আজ (সোমবার) সকালে আশুলিয়ার জামগড়ার সিদ্দিক ভুঁইয়ার বাড়ি থেকে রিপা আক্তার (১৯) নামে এক মেয়ের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত মো. মৃদুল জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার গুনিপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে ও তার স্ত্রী মারুফা আক্তার মুন্নী দিনাজপুর জেলার বিরামপুর থানার আরদি গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। তারা আশুলিয়ার ধলপুর এলাকায় পরিবারের সাথে বসবাস করতো। অপরদিকে রিপা আক্তারের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

মৃত দম্পতির স্বজনরা জানান, মৃদুল ও মারুফার প্রেমের সম্পর্ক ছিলো। পরে দুই পরিবারই সম্পর্ক মেনে নিয়ে তাদের বিয়ে দেওয়া হয়। মৃদুল পড়ালেখার পাশাপাশি পোশাক কারখানায় কাজ করতেন বলে জানা গেছে। তারা দুই জনই শিক্ষার্থী ছিলেন।

মৃতদের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল বিকেলে স্মৃতিসৌধে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয় ওই দম্পতি। পরে বিকেল ৪ টার দিকে দুজনই বাড়ির দরজার সামনে এসে পড়ে যায়। মৃদুল জ্ঞান হারালে তারা বিষ খেয়েছে মারুফা জানায়। পরে দুজনকে গণস্বাস্থ্য হাসপাতালে নিলে মারুফাকে মৃত ঘোষণা করে কর্তবরত চিকিৎসক। মৃদুলকে উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিক্যালে নিয়ে আসলে মৃদুলও মারা যায়। তারা কি কারণে বিষ খেয়েছে তা স্পষ্ট করতে পারেনি পরিবার।

অপরদিকে আজ সকালে জামগড়ার হিয়ন গার্মেন্টসের উত্তর পাশের আবু সিদ্দিক ভুঁইয়ার মালিকানাধীন মানিক ভিলার একটি পকেট রুম থেকে রিপার লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। রিপা তার প্রেমিকের বাসায় গিয়ে বিষপান করে আত্মহত্যা করেছে বলে জানা যায়। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিক সজিব (২০) ও সজিবের বড় ভাই শফিকে আটক করা হয়েছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহেল মোল্লা বলেন, খবর পেয়ে নিহত মারুফার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষ খেয়ে তারা আত্মহত্যা করেছে। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত তাদের আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD