
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ভারত সীমান্তবর্তী ছোটবলদিয়া গ্রামে মমতাজ (৪০) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। নিহত মমতাজ মৃত নজরুলের ছেলে। পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের চেয়ারম্যান জাকারিয়া আলম স্থানীয়দের গ্রামবাসীর বরাত দিয়ে জানান, আজ রবিবার ভোর ৫টার দিকে ছোটবলদিয়া সীমান্তের ৮২ নম্বর প্রধান খুঁটির কাঁটাতার পার হয়ে কয়েকজন অবৈধভাবে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে। এসময় বিএসএফ বিজয়পুর ক্যাম্প সদস্যরা তাদেরকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। এতে মমতাজ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এদিন সকাল ১০টায় বিএসএফ সদস্যরা তার মরদেহ ভারতের অভ্যন্তরে কৃষ্ণনগরে নিয়ে যায়।নিহত মমতাজের ভাই ইন্তাজুল জানান, শনিবার রাত ১টার দিকে ছোটবলদিয়া গ্রামের সীমান্তের ৮২ নম্বর প্রধান খুঁটির কাছ থেকে তার ভাইসহ কয়েকজন ভারতের ভেতর ঢুকে পড়ে। সে সময় ভারতের ৫৪-বিএসএফ বিজয়পুর ক্যাম্পের সদস্যরা তাদের গুলিবর্ষণ করে। এসময় গুলিবিদ্ধ হয়ে আমার ভাই মারা যান। বিএসএফ সদস্যরা তার মরদেহ নিয়ে গেছে।এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিকেল পৌনে ৪টা অব্ধি বিজিবি তাদের পক্ষ থেকে কোনো তথ্য প্রদান করেনি।তবে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহ মো. ইশতিয়াক এক ক্ষুদে বার্তায় জানিয়েছেন, আমরা এ সম্পর্কিত অনেক জায়গা থেকে নিশ্চিত হয়েছি, এটা গুজব। আমরা তদন্ত করে প্রয়োজনীয় তথ্য যাচাই করে সত্যটা নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছি।