শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধে জাতিসংঘের পদক্ষেপ চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ১৭৯ বার পড়া হয়েছে /

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় শনিবার (৪ মার্চ) বিকেলে কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউএনসিসি) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। এসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সংবাদ সংস্থার এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বলেন, ‘যুদ্ধ থেকে লাভবান দেশগুলোর উচিত হবে এর প্রভাবে দুর্ভোগে পড়া দেশগুলোকে সহায়তা করা।’

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা করেন শেখ হাসিনা।

তিনি বলেন, ‘মিয়ানমারের নাগরিকরা যাতে তাদের নিজ দেশে ফিরে যেতে পারে, সেজন্য জাতিসংঘকে বিশেষ পদক্ষেপ নেওয়া উচিত।’

ভাসানচরে ৩০ হাজার রোহিঙ্গাকে স্থানান্তরের বিষয়ে বাংলাদেশ সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে সরকারপ্রধান জাতিসংঘ মহাসচিবকে সেখানে আরও রোহিঙ্গা স্থানান্তর করতে সহযোগিতার অনুরোধ জানান।

প্রধানমন্ত্রী ও জাতিসংঘ মহাসচিব উভয়ই বৈঠকে একমত হয়েছেন যে, মিয়ানমারে রাজনৈতিক অঙ্গনে কোনো পরিবর্তন আসুক বা না আসুক রোহিঙ্গাদের শিগগির নিজ দেশে ফিরে যেতে হবে।

উন্নয়ন, কূটনীতি ও করোনাভাইরাস মহামারি মোকাবিলায় অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন আন্তোনিও গুতেরেস। ’

স্বল্পোন্নত দেশগুলোর বিষয়ে পঞ্চম জাতিসংঘ সম্মেলনে (এলডিসি ৫: সম্ভাবনা থেকে সমৃদ্ধি) যোগ দিতে বর্তমানে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন প্রধানমন্ত্রী।

সূত্র: বাসস

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD