
নিজেদের বাড়ির আঙিনায় শতাধিক গাঁজার গাছ রোপণ করেছিলেন ঝালকাঠি জেলা কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের দুই সহোদর। আশা ছিল গাঁজা পরিপক্ক হলে তা বিক্রি করবেন। কিন্তু তাদের সেই আশায় গুঁড়েবালি!গত শনিবার (১১ মার্চ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ি আঙ্গিনা থেকে রোপণকৃত দুইশত পাঁচ (২০৫) টি গাঁজার গাছগুলো উদ্ধার করেন কাঠালিয়া থানার পুলিশ। এসময় গাঁজার চাষী উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের মৃত গনেশ বেপারীর ছেলে পরেশ বেপারী ও রমেন বেপারী নামে দুই সহোদরকে আটক করা হয়েছে। সরে জমিনে জানা গেছে, দিনমজুর পরেশ ও রমেন বেপারী প্রতিবেশীদের চোখ ফাঁকি দিয়ে নিজের বাড়িতে গাঁজা চাষ করছিলেন। খবর পেয়ে শনিবার রাতে দুই থেকে তিন ফুট উচ্চতার দুইশত পাঁচটি গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ।কাঠালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বলেন, আটককৃত দুই গাঁজাচাষীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।