
বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনা বাস্তবায়নে সাতক্ষীরা জেলায় চতুর্থ পর্যায়ের (দ্বিতীয় ধাপে) আরও ৩৬৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হবে। আগামীকাল বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করবেন।
সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবির আজ মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে তার সম্মেলনকক্ষে প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, সাতক্ষীরা জেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসনের কাজ সফলভাবে পরিচালিত হচ্ছে। ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে হস্তান্তরের জন্য ৩৬৪টি ঘরের সকল কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। জেলার তালা উপজেলায় ৩১০টি, কলারোয়া উপজেলার ৩৭৫টি, দেবহাটা উপজেলার ১৬২টি ও শ্যামনগর উপজেলায় ৫৪৯টি পরিবারকে পুনর্বাসন করে এই চার উপজেলাকে আগেই ভূমিহীনমুক্ত ঘোষণা করার হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবির জানান, আগামীকাল বুধবার (৯ আগস্ট) চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে কালিগঞ্জ উপজেলার ১১৭টি এবং সাতক্ষীরা সদর উজলোর ৪০টি ঘর উদ্বোধনের মধ্যে দিয়ে এই দুই উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করার প্রস্তাব দেওয়া হয়েছে। সব মিলিয়ে এবার জেলার ৬টি উপজেলা ভূমিহীনমুক্ত ঘোষণা করা হচ্ছে। একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের ন্যায় জেলার কালিগঞ্জ উপজেলায় ১১৭টি, আশাশুনি উপজেলা ২০৭টি ও সদর উপজেলা ৪০টিসহ মোট ৩৬৪টি ভূমিহীন পরিবারের ঘর উদ্বোধন ঘোষণা করবেন। প্রতিটি পরিবার ২কাঠা জমিসহ দুই কক্ষ বিশিষ্ট একটি আধা পাকা ঘর, একটি বাথরুম, রান্না ঘরসহ সুপেয় পানির সুবিধা পাবে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, সিনিয়র সহকারী কমিশনার কৃষ্ণা রায় প্রমুখ।
অপরদিকে, ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তরের জন্য বেলা সাড়ে ৩টায় সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল সেন্টারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে ইউএনও ফাতেমা-তুজ-জোহরা জানান, সাতক্ষীরা সদর উপজেলায় প্রথম থেকে চতুর্থ পর্যায় পর্যন্ত মোট ৫৬৪টি পরিবারকে পুনর্বাসন করে সদর উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করার প্রস্তাব দেওয়া হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন পরিবারের ঘর উদ্বোধন ঘোষণা করবেন।