রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন

সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে /

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাভার গ্রামে দৈনিক ‘প্রতিদিনের বাংলাদেশ’ পত্রিকার সাটুরিয়া প্রতিনিধি আব্দুস ছালাম সফিকের বাসায় চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাসা থেকে নগদ টাকা ও তার মেয়ের হাতের রুপার বালা নিয়ে গেছে। গতকাল শনিবার (১৩ জুন) সন্ধ্যা থেকে রাত নয়টার মধ্যকার কোনো এক সময়ে এই চুরির ঘটনাটি ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল দুপুরে সংবাদকর্মী আব্দুস ছালাম সফিক পরিবারের সবাইকে নিয়ে টাঙ্গাইলে বেড়াতে যান। সফর শেষে রাত ১২টার দিকে বাসায় ফিরে তারা দেখতে পান ঘরের ভেতরের আলমারি, শোকেস ও ড্রেসিং টেবিলসহ আসবাবপত্র সবকিছু তছনছ করা অবস্থায় পড়ে রয়েছে। খোঁজাখুঁজি করে দেখা যায়, ঘরে থাকা নগদ টাকা ও তার মেয়ের ব্যবহৃত রুপার বালাটি চুরি হয়ে গেছে।

বিষয়টি তাৎক্ষণিকভাবে সাটুরিয়া থানা পুলিশকে অবহিত করা হলে রাতেই পুুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসাইনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি জানার পর রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। লিখিত অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমন চুরির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ। সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হাসান ফয়জী ও সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা খান এবং সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আপেল মাহমুদ চৌধুরী এক যৌথ বিবৃতিতে এই চুরির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তারা বলেন, একজন গণমাধ্যমকর্মীর বাসাবাড়িতে এমন চুরির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি যেন দ্রুততম সময়ের মধ্যে এই চুরির সাথে জড়িত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হয়।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD