বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :

বিএনপির ‘গুগলিতে’ বোল্ড আউট আ.লীগ: মির্জা ফখরুল

ডেস্ক এডিটর
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১৮৪ বার পড়া হয়েছে /

গত শুক্র ও শনিবার বিএনপির ‘গুগলিতে’ আওয়ামী লীগ বোল্ড আউট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সোমবার আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশ থেকে নতুন কোনো কর্মসূচির ঘোষণা দেওয়া হয়নি। সমমনা দল ও জোটগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, শুক্র ও শনিবার বিএনপির ‘গুগলিতে’ আওয়ামী লীগ বোল্ড আউট হয়ে গেছে। তারা বুঝতেই পারেনি কোন দিক দিয়ে বল এসেছে।

তিনি বলেন, সবচেয়ে খারাপ কাজ যেটা করেছে…এ দেশে এটা কম হয়…গয়েশ্বর, যিনি মুক্তিযুদ্ধ করেছেন, তাকে পিটিয়ে মাটিতে ফেলে আবার পিটিয়েছে। আবার নাটক করেছে। খাওয়া দিয়ে ভিডিও করেছে। এতে কি গয়েশ্বর ছোট হয়েছেন? হননি।

‘এসব না করলে পালানোর পথ পাবেন না। এখনো সময় আছে আন্দোলনে বাধা দেবেন না। এখনো শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। শান্তিপূর্ণ কর্মসূচি করেই সরকারের পতন ঘটানো হবে।’

মির্জা ফখরুল বলেন, আমরা শেখ হাসিনার অধীনে নির্বাচন চাই না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। সোজা কথায় না হলে ফয়সালা হবে রাজপথে। আমরা বহুদূর এগিয়ে গেছি। বিজয় আমাদের সুনিশ্চিত।

তিনি বলেন, দেশের মানুষ একসঙ্গে জেগে উঠেছে। দাবি একটাই, সরকারের পদত্যাগ। তিনি দাবি করেন, দেশে-বিদেশে তাদের (আওয়ামী লীগ সরকারের) সমর্থন নেই।

বিএনপির মহাসচিব বলেন, সরকার এত ভীত যে ১ হাজার ২০০ লোককে গ্রেফতার করেছে। গত রাতে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করেছে। গত ১৫ বছর এমন করে কি আটকাতে পেরেছে? গ্রেফতার করে এবার লাভ হবে না।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD