রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

দুই মার্কিন কংগ্রেসম্যান ঢাকায়

ন্যাশনাল ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১৬৩ বার পড়া হয়েছে /
এড কেইস ও রিচার্ড ম্যাকরমিক

মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুজন সদস্য চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন। তাদের একজন ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য এড কেইস এবং অপরজন রিপাবলিকান পার্টির রিচার্ড ম্যাকরমিক।

রোববার (১৩ আগস্ট) এই মার্কিন প্রতিনিধিদলের আনুষ্ঠানিক সফর শুরু হবে। শনিবার (১২ আগস্ট) তারা ঢাকায় পৌঁছান।

রোববার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন মার্কিন কংগ্রেসম্যানরা। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গেও বৈঠক করবেন তারা।

কংগ্রেস প্রতিনিধিদল আগামী সোমবার (১৪ আগস্ট) রোহিঙ্গা শরণার্থী শিবির সফর করবেন। তারা রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন সংস্থা এবং জাতিসংঘের সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবেন। রোহিঙ্গাদের আর্থিক অবস্থাসহ সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন দুই কংগ্রেসম্যান।

মার্কিন প্রতিনিধিদলের সফরের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া অর্থ ঠিকমতো ব্যবহার করা হচ্ছে কি না, সেটি দেখতে আসছেন তারা। রোহিঙ্গাদের অর্থায়নের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অন্যতম বড় দাতা। এ দুই কংগ্রেসম্যান এসব অর্থায়ন কমিটিতে আছেন। তাই, তারা দেখবেন কিভাবে তাদের অর্থ ব্যবহার করা হচ্ছে।

সম্প্রতি একাধিক মার্কিন প্রতিনিধিদল ঢাকা সফর করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ গত ৬ থেকে ৮ আগস্ট বাংলাদেশ সফর করেছিলেন। এর আগে জুলাই মাসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ঢাকায় এসেছিল।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD