বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন

খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি

ডেস্ক এডিটর
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১৪০ বার পড়া হয়েছে /

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার অনুমতি দেওয়ার দাবি জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়া সত্বেও সরকার থেকে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে। আমরা অবিলম্বে তাকে মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে তারা বলেন, বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড একাধিকার পরামর্শ দিয়েছে, খালেদা জিয়া এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। দেশে তাকে চিকিৎসা দেওয়ার মতো আর কিছু বাকি নেই। কেননা তার চিকিৎসার জন্য যে ধরনের যন্ত্রপাতি দরকার সেসব বাংলাদেশে নেই। ফলে খালেদা জিয়াকে বাঁচাতে হলে বিদেশে অ্যাডভান্স সেন্টারে নিয়ে ট্রিটমেন্ট অতি জরুরি।

আমরা সরকারকে রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিক দিক বিবেচনায় একজন প্রবীণ ব্যক্তি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানাই।

ড্যাবের শীর্ষ দুই নেতা আরো বলেন, বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। তার চিকিৎসক দল তার অসুস্থতার যে বিবরণ দিয়েছে তা খুবই উদ্বেগজনক। আমরা মনে করি, দেশের একজন শীর্ষ রাজনীতিক, একজন সাবেক প্রধানমন্ত্রী, একজন নারী হিসেবে উপরন্তু একজন জেলবন্দি ব্যক্তির যথাযথ সুচিকিৎসা পাওয়া ন্যূনতম মানবাধিকারের অংশ।

তারা আরো বলেন, সরকার আইনের দোহাই দিয়ে তাতে কর্ণপাত করেনি বিধায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রতিনিয়ত অবনতির দিকে যাচ্ছে। বেগম খালেদা জিয়ার মৌলিক অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা জাতি হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য। তাই, আমরা আদালতের মাধ্যমে তাকে স্থায়ী জামিনে আশু মুক্তি দিয়ে অতি সত্ত্বর বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আবারও জোর আহ্বান জানাচ্ছি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD