শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

ডিসেম্বরে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১৩৮ বার পড়া হয়েছে /

আগামী ডিসেম্বরে কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু হলে জাতীয় গ্রিডে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ করবে।

প্রকল্পের কর্মকর্তারা চলতি সপ্তাহে সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্ল্যান্টটি উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের জন্য ৬৪ হাজার ৩০০ মেট্রিক টন কয়লা বহনকারী একটি জাহাজ গত ২৩ জুন ইন্দোনেশিয়া থেকে আসে।

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ী ও ধলঘাটা ইউনিয়নে ১ হাজার ৪১৪ একর জমির উপর ১ হাজার ২০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হয়েছে।

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিএল) এই মেগা প্রকল্পের কাজ এগিয়ে নিচ্ছে।

বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে কয়লা খালাসের জন্য জেটির কাজ প্রায় শেষ। জেটিতে জাহাজও ভিড়তে শুরু করেছে।

প্রকল্প সূত্রে জানা যায়, ইতোমধ্যে জেটি ও ভৌত অবকাঠামোর ৯৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং সার্বিক ভৌত অবকাঠামোর ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের নির্বাহী পরিচালক নাজমুল হক বলেন, আগামী ডিসেম্বরে বিদ্যুৎকেন্দ্রটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, তবে আমরা উদ্বোধনের আগে এখান থেকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ করতে চাই এবং তা হবে। মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটটি ২০২৪ সালের জানুয়ারিতে চালু হওয়ার কথা থাকলেও আমরা আশা করছি এই ডিসেম্বরের মধ্যে পুরোপুরি চালু হয়ে যাবে।

আগামী জুলাই মাসে দ্বিতীয় ইউনিট চালু করা হবে বলে তিনি উল্লেখ করেন।

তবে দুটি ইউনিট থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত করা হবে বলে জানান তিনি।

নির্বাহী পরিচালক উল্লেখ করেন, পরিবেশ দূষণ রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিশ্চিত করে প্রকল্পটির কাজ চলছে।

তিনি আরও বলেন, জাহাজ থেকে কয়লা খালাস করা হলেই কয়লা একবারই দেখা যাবে। এরপর কয়লা জেটি থেকে সরাসরি প্ল্যান্টে যাবে। এটি পরিবেশকে দূষিত করবে না।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD