শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসছে সেপ্টেম্বরে

ন্যাশনাল ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১৩৯ বার পড়া হয়েছে /

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের (আরএনপিপি) জ্বালানি আগামী সেপ্টেম্বরে দেশে আসবে বলে জানিয়েছেন রাশিয়ার স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ।

সোমবার (৩১ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

লিখাচেভের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) কাজ শত বাধা অতিক্রম করে এগিয়েছে। এই প্ল্যান্টের পারমাণবিক জ্বালানি সেপ্টেম্বরে বাংলাদেশে আসবে।”

বৈঠকে রোসাটম ডিজি আরএনপিপির সার্বিক অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

তারা আরএনপিপির উদ্বোধনী উদযাপনের বিষয়েও কথা বলেন।

প্রধানমন্ত্রী কোভিড-১৯ মহামারী এবং বৈশ্বিক সংকট সত্ত্বেও আরএনপিপির কাজ এগিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

তিনি প্রযুক্তি ও আর্থিক সহায়তা দেওয়ায় রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মহান মুক্তিযুদ্ধ ও যুদ্ধ পরবর্তী বাংলাদেশের পুনর্গঠনে রাশিয়ার সমর্থন ও সহায়তার কথা স্মরণ করে শেখ হাসিনা ভবিষ্যতেও রাশিয়ার সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, প্রধানমন্ত্রীর রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন, তার মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল হাসান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শহীদ হোসেন এবং বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মানতস্কি উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD