বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

চলতি সংসদের ‘শেষ অধিবেশন’ বসছে ৩ সেপ্টেম্বর

ন্যাশনাল ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১৭৪ বার পড়া হয়েছে /
চালের পরিবর্তে টাকা বরাদ্দ চায় সংসদীয় কমিটি

একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন আগামী ৩ সেপ্টেম্বর শুরু হবে। ওই দিন বিকাল ৫টায় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ২৪তম ও ২০২৩ সালের চতুর্থ অধিবেশন বসবে।

সংবিধান অনুযায়ী, দ্বাদশ সংসদ নির্বাচনের আগে এটি হতে পারে একাদশ সংসদের শেষ অধিবেশন।

বুধবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে জানানো হয়, ৩ সেপ্টেম্বর সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশন কত দিন চলবে- তা ঠিক করা হবে।

চলতি একাদশ সংসদের মেয়াদ পাঁচ বছর পূর্ণ হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারি। নির্বাচন কমিশন জানিয়েছে, ডিসেম্বরের শেষ দিকে কিংবা জানুয়ারির প্রথম দিকে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

সংবিধান অনুযায়ী, সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। আগামী ১ নভেম্বর থেকে এই ৯০ দিন গণনা শুরু হবে।

সংবিধানে বলা আছে, একটি অধিবেশন শেষ হওয়ার দিন এবং পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি দেওয়া যাবে না। তবে এই বিধান সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের (পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের সময়) ক্ষেত্রে প্রযোজ্য নয়।

সেই হিসাবে সেপ্টেম্বরের অধিবেশনের পর আর সংসদের অধিবেশন ডাকার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকছে না। ফলে এটিই হতে পারে একাদশ সংসদের শেষ অধিবেশন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD