
তীব্র শীতে কাঁপছে কিশোরগঞ্জ। জেলার হাওর অধ্যুষিত উপজেলা নিকলীতে টানা তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালেও সারা দেশের মধ্যে নিকলীতেই সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, এর আগে গত রবিবার (২৮ ডিসেম্বর) নিকলীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সোমবার (২৯ ডিসেম্বর) ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। যা টানা তিন দিন ধরে সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।
নিকলী আবহাওয়া অফিসের টেলিপ্রিন্টার অপারেটর বদরুল আমিন খান টিপু জানান, আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট অনুযায়ী আজ মঙ্গলবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জের নিকলীতেই।
এদিকে গত দুই দিনের তুলনায় আজ শীতের তীব্রতা সামান্য কমলেও জেলার ওপর দিয়ে এখনো মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষ। বিশেষ করে হাওরাঞ্চলে এখন বোরো ধান আবাদের ভরা মৌসুম চলায় হাড়কাঁপানো শীত উপেক্ষা করেই মাঠে নামতে হচ্ছে কৃষকদের।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, চলতি মাসজুড়ে শীতের এই প্রভাব অব্যাহত থাকতে পারে এবং অদূর ভবিষ্যতে শীতের অনুভূতি কমার খুব একটা সম্ভাবনা নেই।