
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে শিশুদের স্বাস্থ্য নিয়ে বাবা-মায়ের দুশ্চিন্তা বেড়ে যায়। বিশেষ করে রাতে ঘুমানোর সময় শিশুকে ঠান্ডা থেকে বাঁচাতে অনেক সময় মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দেওয়া হয়। অনেক ক্ষেত্রে বড়দের পরামর্শে শিশুকে টুপি পরিয়ে ঘুমানো হয়। কিন্তু প্রশ্ন হলো—ঘুমানোর সময় শিশুকে টুপি পরানো কি আসলে নিরাপদ? এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞরা।
ঘুমানোর সময় শিশুকে টুপি পরানো কেন ঝুঁকিপূর্ণ? চিকিৎসকদের মতে, সাধারণভাবে ঘুমানোর সময় শিশুকে টুপি পরিয়ে রাখা একদমই নিরাপদ নয়। এর পেছনে বেশ কিছু বৈজ্ঞানিক ও স্বাস্থ্যগত কারণ রয়েছে:
১. শরীর অতিরিক্ত গরম হওয়ার ঝুঁকি: বড়দের তুলনায় শিশুদের শরীরের গঠন ভিন্ন। নবজাতকদের শরীরে ‘ব্রাউন ফ্যাট’ বা বাদামি চর্বি থাকে, যা শরীরে তাপ উৎপন্ন করে শিশুকে ঠান্ডা থেকে রক্ষা করে। শিশুর শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে মাথার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘুমের সময় মাথা ঢেকে রাখলে শরীরের অতিরিক্ত তাপ বাইরে বের হতে পারে না, ফলে শরীর দ্রুত অতিরিক্ত গরম (Overheating) হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
২. এসআইডিএস-এর (SIDS) আশঙ্কা: অতিরিক্ত গরম হওয়া ছোট শিশুদের আকস্মিক মৃত্যুর ঝুঁকি বা এসআইডিএস (Sudden Infant Death Syndrome)-এর অন্যতম প্রধান কারণ। শিশুর মাথা ঢাকা থাকলে শরীরের তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে গিয়ে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
৩. শ্বাসরোধের ভয়: ঘুমের সময় শিশুরা হাত-পা নাড়াচড়া করে। এতে টুপিটি সরে গিয়ে শিশুর মুখ বা নাকের ওপর চলে আসতে পারে। এর ফলে শ্বাস নিতে সমস্যা হয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটার ঝুঁকি থাকে।
মোজা পরানো কি নিরাপদ? টুপির তুলনায় মোজা পরানোকে তুলনামূলক নিরাপদ মনে করেন বিশেষজ্ঞরা। তবে এক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে:
তাপমাত্রার ভারসাম্য: ঘর অতিরিক্ত ঠান্ডা হলে সুতির মোজা পরানো যেতে পারে। পা উষ্ণ থাকলে শিশুর ঘুম আরামদায়ক হয়।
ঢিলেঢালা পোশাক: মোজা যেন খুব বেশি টাইট না হয়। অতিরিক্ত টাইট মোজা শিশুর রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি করতে পারে।
বিশেষজ্ঞ পরামর্শ শিশুকে উষ্ণ রাখতে সবচেয়ে কার্যকর উপায় হলো ঘরের তাপমাত্রা স্বাভাবিক রাখা এবং তাকে হালকা কিন্তু আরামদায়ক পোশাক পরানো। শিশুকে অতিরিক্ত কিছু পরানোর আগে সর্বদা তার নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।