সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

উত্তরায় পুলিশ-বিএনপি-আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১৪৯ বার পড়া হয়েছে /

বিএনপির ডাকা অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার প্রবেশমুখ উত্তরা বিএনএস সেন্টারের সামনে পুলিশ-বিএনপি-আওয়ামী লীগ ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষকালে ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আজ শনিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১১টা থেকে প্রায় ১টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে বিএনপির কর্মীরা মহাসড়কের পাশে দাঁড়াতে চাইলে পুলিশ বাধা দেয়।

এসময় পুলিশের সাথে বিএনপি কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় পুলিশের সাথে যোগ হয় শান্তি সমাবেশের লোকজন। তারপর শুরু হয় ত্রিমুখী সংঘর্ষ। এসময় ইটপাটকেল ও লাঠিপেটায় বেশ কিছু লোক আহত হন।

প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলে। তারপর বেলা ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এদিকে, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-আশুলিয়া সড়কে এসে যুক্ত হয়েছে আবদুল্লাহপুর মোড়ে। এর মধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জেলাসহ আশপাশের এলাকা থেকে ঢাকায় প্রবেশ করে মানুষ।

ঢাকা-আশুলিয়া সড়ক হয়ে টাঙ্গাইল, মানিকগঞ্জ, সিরাজগঞ্জসহ রাজশাহী বিভাগের একাধিক জেলার লোকজন রাজধানীতে প্রবেশ করেন।

জানা যায়, গত কয়েক দিনের তুলনায় পুলিশের সংখ্যা প্রচুর বেড়েছে। আবদুল্লাহপুর মোড়ে সড়ক ও সড়কের পাশে অবস্থান করছেন প্রায় ৫০ থেকে ৬০ জন পুলিশ সদস্য। কোনো যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, মোটরসাইকেল বা কোনো পথচারীকে সন্দেহ হলেই তারা গতিরোধ করে তল্লাশি চালাচ্ছেন। এসময় যাত্রীরা বিরক্ত হওয়ার পাশাপাশি কিছুটা আতঙ্ক অনুভব করার কথা জানান।

গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে ঢাকার বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন আকরাম হোসেন। বাসে উঠে পুলিশ তার পুরো ব্যাগ তল্লাশি করেন। আকরাম হোসেন বলেন, আমার ব্যাগে কিছু কাপড়চোপড় ছাড়া আর কিছু নেই। আমি তাদের (পুলিশ) বলেছি। তাও সন্দেহবশত পুরো ব্যাগ তল্লাশি করেছে। কিন্তু শেষ পর্যন্ত কিছুই পায়নি। অযথাই হয়রানি।

এসব বিষয়ে জানতে চাইলে তল্লাশি চৌকির উর্ধ্বতন কেউ বক্তব্য দিতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক পরিদর্শক পদমর্যাদার একজন বলেন, অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে কেউ যেন কোনো প্রকার বিশৃঙ্খলা করার সুযোগ না পায়, সে জন্যই কড়াকড়ি অবস্থা আরোপ করা হয়েছে। প্রয়োজনে আরো কঠোর অবস্থানে যাবে পুলিশ।

ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে আজ বেলা ১১টা থেকে পাঁচ ঘণ্টার ‘অবস্থান কর্মসূচি’ পালন করবে বিএনপি। বিকেল ৪টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। গাবতলী, উত্তরা, নয়াবাজার ইউসুফ মার্কেট ও শনির আখড়া এলাকায় এই অবস্থান কর্মসূচি হবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD